আর তোমরা সে গ্রন্থের প্রতি বিশ্বাস স্থাপন কর, যা আমি অবতীর্ণ করেছি সত্যবক্তা হিসেবে তোমাদের কাছে। বস্তুতঃ তোমরা তার প্রাথমিক অস্বীকারকারী হয়ো না আর আমার আয়াতের অল্প মূল্য দিও না। এবং আমার (আযাব) থেকে বাঁচ। আল-বাকারা ২:৪১ ⧉
তাফসির:
৪১. তোমরা সে কুরআনের উপর ঈমান আনো যা আমি মুহাম্মাদের উপর নাযিল করেছি। যার সাথে অবিকৃত তাওরাতের মিল রয়েছে আল্লাহর তাওহীদ ও মুহাম্মাদের নবুওয়াতের ক্ষেত্রে। তোমরা এর প্রথম অস্বীকারকারী হওয়া থেকে বিরত থাকো। আর তোমরা নেতৃত্ব ও পদের ন্যায় সামান্য কিছুর বিনিময়ে আমার আয়াতসমূহ বিক্রয় করে দিও না। বরং তোমরা আমার আযাব ও গযবকে ভয় করো।